admin ২০ জুলাই ২০২৫ , ৩:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানীর অন্যতম নান্দনিক ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হাতিরঝিল আজ পরিণত হয়েছে এক অরক্ষিত ও আতঙ্কের এলাকায়। দিনের আলো ফুরোতেই নামতে থাকে ভয়, আর সন্ধ্যা নামলেই শুরু হয় উচ্ছৃঙ্খলতা, অসামাজিক কার্যকলাপ আর ছিনতাইয়ের উপদ্রব।

হাতিরঝিল এলাকায় সন্ধ্যার পর অনেককেই দেখা যায় দলবেঁধে আড্ডা দিতে, উচ্চ শব্দে গান বাজাতে, এমনকি প্রকাশ্যে মাদক সেবন করতেও। স্থানীয় দোকানদার ও ভ্রমণকারীরা জানিয়েছেন, এসব কর্মকাণ্ডে নারী ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজন পড়ছেন বিব্রতকর অবস্থায়। বিশেষ করে সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।
ছিনতাইও বেড়েছে আশঙ্কাজনক হারে। কিছু অসাধু চক্র বিশেষ করে সন্ধ্যার পর চলাচলকারী পথচারীদের টার্গেট করে মোবাইল, মানিব্যাগ, এমনকি গয়না পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অপ্রতুল হওয়ায় এই ধরনের অপরাধীরা দিনের পর দিন বেড়ে চলেছে।
হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি সন্ধ্যার পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু দৃশ্যত কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।”
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এক কর্মকর্তা জানান, “হাতিরঝিল এলাকায় আমরা নজরদারি বাড়ানোর চেষ্টা করছি। ইতোমধ্যে কয়েকটি অভিযানে কিছু ছিনতাইকারীকে ধরা হয়েছে। তবে জনবল সংকটের কারণে সর্বক্ষণিক টহল নিশ্চিত করা যাচ্ছে না।”
নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ হতাশ। এলাকাবাসী ও সচেতন নাগরিকরা চাইছেন, হাতিরঝিল যেন তার সৌন্দর্য ধরে রেখে আবারও নিরাপদ ও পারিবারিক বিনোদনের স্থান হয়ে উঠতে পারে।

















