admin ২০ জুলাই ২০২৫ , ৮:১২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : হরতাল ডেকেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবে এই হরতাল ঘিরে কোনো বড় ধরনের সহিংসতার খবর না থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে পুরনো গাড়ি পোড়ানোর দৃশ্য, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া রাস্তাঘাটের ভিডিও। এসব ভিডিওতে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ।

সরে জমিনে গিয়ে দেখা যায়, ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিও অন্তত ৩ থেকে ৪ বছর আগের, সেগুলোর বেশিরভাগই বিভিন্ন সময় বিরোধীদলের নেতৃত্বাধীন হরতালের সময়কার। ভিডিওগুলোর কয়েকটি আবার আগের নির্বাচনের সময়কার রাজনৈতিক সহিংসতার ফুটেজ।
বিশেষজ্ঞরা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, ভয় পাচ্ছেন ঘর থেকে বেরোতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একাধিক আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আইডি থেকে এসব ভিডিও ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষক জানান, “পুরনো ভিডিওকে বর্তমান হরতালের নামে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা হচ্ছে। এটি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিশ্লেষকরা বলছেন, হরতাল ঘিরে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকতে হবে। প্রয়োজন পড়লে এসব ভিডিও যাচাইয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিআরসির দৃষ্টিও আকর্ষণ করেছেন তারা।

















