জাতীয়

অ্যানোনিমাস পেজ থেকে ছড়ানো গুজবের পেছনে রয়েছে বেটিং চক্র!

  admin ২১ জুলাই ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

উত্তরার দুর্ঘটনার পেছনে গুজব ছড়ানো পেজ, সাইবার বিশেষজ্ঞদের তদন্তে বেরিয়ে এল বেটিং চক্রের জড়িত থাকার প্রমাণ

উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে শতাধিক শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলে সেই সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনার ঠিক আগের দিন, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া হয় একটি সন্দেহজনক স্ট্যাটাস, যেখানে বলা হয়, “একটি বিদ্যালয়ের ভবন ধসে পড়বে, প্রাণ যাবে অনেক শিশুর।” এই পোস্টটি দুর্ঘটনার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং নানা ধরনের গুঞ্জনের জন্ম দেয়।

পরবর্তীতে ওই একই পেজ থেকে দাবি করা হয়, তারা আগেই এই দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিল। এরপরই তারা আরও একাধিক পোস্ট দিতে থাকে, যার মধ্যে ছিল বাংলাদেশে বোমা বিস্ফোরণের সম্ভাবনার কথাও। এতে করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তবে দেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা দ্রুতই এর পেছনের সত্যতা অনুসন্ধানে নামেন। প্রোবফ্লাই আইটি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল ইমরান জানান, এই ফেসবুক পেজটি আসলে একটি স্ক্যাম পেজ, যেটি অনলাইন জুয়া ও বেটিং সাইটের মাধ্যমে প্রতারণা চালায়। তিনি জানান, তাদের তদন্তে উঠে এসেছে এই পেজটি পরিচালনা করছে চারজন, যাদের মধ্যে দুইজন নাইজেরিয়ান ও একজন আমেরিকান নাগরিক।

তাদের উদ্দেশ্য ছিল ভুয়া ভবিষ্যদ্বাণী দিয়ে মানুষকে ভয় দেখিয়ে পেজে ফলোয়ার বাড়ানো এবং জুয়া সংক্রান্ত পেজ ও লিংক প্রমোট করা। দুর্ঘটনার সঙ্গে এই পেজের ভবিষ্যদ্বাণী মিলিয়ে যাওয়া নিছক কাকতালীয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করাই ছিল তাদের পরিকল্পনা।

ইমরান আরও জানান, তাদের সাইবার টিম সন্দেহভাজনদের শনাক্ত করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করতে সক্ষম হয়েছে। বর্তমানে সেই পেজটিও আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, “গুজব ছড়ানো এই ধরনের পেজের ফাঁদে পা দেবেন না। কঠিন সময়ে বিভ্রান্তি না ছড়িয়ে সত্য তথ্য ছড়িয়ে দিন।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের সাবেক ফ্যাক্টচেক সম্পাদক কদরুদ্দিন শিশির জানিয়েছেন, এই পেজটির সাথে অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের কোনো সম্পর্ক নেই। অ্যানোনিমাস-এর অফিসিয়াল পেজ বা ওয়েবসাইটে এ ধরনের পেজের কোনো উল্লেখ নেই। এটি মূলত একটি জুয়া প্রচারকারী প্ল্যাটফর্ম, যারা সুযোগ নিয়ে বাংলাদেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।

বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার সাথে পেজটির পোস্টের মিল থাকলেও এটি নিছক পরিকল্পিত গুজব এবং এটিকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি করার অপচেষ্টা। ভবিষ্যতে এমন গুজব রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও খবর:

Sponsered content