অপরাধ

রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাংয়ের হামলায় সিফাত গুরুতর আহত, আইসিইউতে ভর্তি

  admin ৬ আগস্ট ২০২৫ , ৬:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন চলন্তিকা মোড়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছে ১৫ থেকে ১৬ বছর বয়সী এক কিশোর। আহত কিশোরের নাম সিফাত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত দশটা থেকে এগারোটার দিকে চলন্তিকা মোড় এলাকায় আল আমিন বাহিনীর সদস্যরা তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একদল কিশোর সিফাতকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে স্থানান্তর করার নির্দেশ দেন।

আহতের পরিবার জানিয়েছে, সিফাত এর আগে একাধিকবার আল আমিন বাহিনীর হুমকির মুখে পড়েছিল। তবে সম্প্রতি তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং দ্রুতই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়রা জানান, চলন্তিকা মোড় এলাকায় বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং ‘আল আমিন বাহিনী’ চাঁদাবাজি, মারধর এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে লিপ্ত। পুলিশ প্রশাসনের নজরদারির পরেও এসব গ্যাং দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সিফাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় সাধারণ মানুষকে এ সকল সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

আরও খবর:

Sponsered content