দেশজুড়ে

রায়গঞ্জের কালিঞ্জার হিন্দু সম্প্রদায়ের শ্মশানে যাওয়ার পথটিতে চরম দুর্ভোগ

  admin ১৫ আগস্ট ২০২৫ , ৩:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের কালিঞ্জা গ্রামে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র শ্মশানঘাটে যাওয়া আসায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের। বর্ষা মৌসুমে বা সামান্য বৃষ্টিতেই শ্মশানঘাটের পথে হাঁটু সমান পানি জমে যায়, যার ফলে কেউ মৃত্যুবরণ করলে স্বজনদের পানির মধ্য দিয়ে লাশ নিয়ে যাতায়াত করতে হয়।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এই শ্মশানঘাটেই শেষকৃত্য সম্পন্ন হলেও যাওয়ার একমাত্র পথটি অনেক নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। এতে শুধু মৃতদেহ বহন করাই নয়, ধর্মীয় আচার-অনুষ্ঠানও মারাত্মকভাবে ব্যাহত হয়।

কালিঞ্জা গ্রামের বাসিন্দারা জানান, সমস্যার সমাধানের জন্য বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, শ্মশানে যাওয়ার রাস্তা উঁচু করে পাকা নির্মাণ করা হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

পাঙ্গাসি ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। প্রয়োজনীয় প্রকল্প অনুমোদন হলে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, শ্মশানঘাটে যাওয়ার রাস্তা সংস্কার করা হলে শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, পুরো এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে সম্পন্ন হবে।

আরও খবর:

Sponsered content