admin ২১ আগস্ট ২০২৫ , ৬:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জিয়াউর রহমান খোকন : রাজধানীতে হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। আটককৃতদের কাছ থেকে ভুক্তভোগীদের হাতিয়ে নেওয়া মোবাইল সেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে সিরাজগঞ্জের মো. রহমান (২৮) ও বান্দরবনের মো. মনির উদ্দিন নামে দুই ব্যক্তি চাকরির প্রলোভনে রাজধানীর মিরপুরে একটি ভাড়া বাসায় ডেকে নেওয়া হয়। পরবর্তীতে তাদের আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালানো হয় এবং হুমকি দিয়ে নগদ ১১ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি নোকিয়া এবং একটি রেডমি সি-৩সহ মোট দুইটি স্মার্টফোন ছিনিয়ে নেয়া হয়।
প্রতারণার শিকার রহমান ও মনির চিকিৎসার জন্য আগে থেকেই ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোডের এসপিসি থেরাপি সেন্টারে ছিলেন। সেখানে দুজনের মধ্যে পরিচয় হয়। একপর্যায়ে রহমান চাকরির খোঁজে মনিরের সহায়তা চান। মনির ফেসবুক থেকে সংগ্রহ করা একটি নম্বরে যোগাযোগ করতে বললে সেখান থেকেই পুরো ঘটনাটির সূত্রপাত হয়।
মিরপুরে ডেকে নেওয়ার পর চক্রের সদস্যরা তাদের আটক করে মারধর করে এবং তিনজন নারীকে পাশে বসিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক টাকা ও মালামাল ছিনিয়ে নেয়া হয়।
এ ঘটনার তদন্তে নামে ডিবি মিরপুর বিভাগ। অভিযান চালিয়ে তারা সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মো. বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯) সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩) মো. আল-মাসুদ (৩২), মোছা. মনিকা আক্তার (১৮) ও মো. আবু সুফিয়ান (২৭)।

গ্রেফতারকালে ভুক্তভোগী মনির উদ্দিনের রেডমি সি-৩ মোবাইল সেট উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের ব্যবহৃত আরও তিনটি মোবাইল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো ও টেলিগ্রামের মাধ্যমে ‘রিয়েল সার্ভিস’ এবং চাকরির প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষকে প্রতারণা করে আসছিল। অনেকেই সামাজিক লজ্জা ও আত্মসম্মানের ভয়ে পুলিশের কাছে অভিযোগ না করায় এই চক্র নির্বিঘ্নে প্রতারণা চালিয়ে আসছিল।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

















