admin ২২ আগস্ট ২০২৫ , ৮:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের পেশায় যুক্ত থাকেন। তবে খুলনার বাগেরহাটের এক ব্যক্তি জীবিকার জন্য বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক পথ। তিনি হলেন মামুন শেখ, যার মূল কাজ হলো চুম্বক দিয়ে পথে ঘাটে লোহা কুড়িয়ে সংগ্রহ করা।

চট্টগ্রাম, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় তিনি লোহা সংগ্রহ করেন। আশ্চর্যের বিষয় হলো, এই কাজের মাধ্যমেই তিনি মাসে গড়ে প্রায় ৬০ হাজার টাকা আয় করেন। মামুন শেখ জানান, বৃষ্টি হলে দিনে প্রায় ৩০ কেজি লোহা সংগ্রহ করতে পারেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে দিনে প্রায় ৬০ কেজি লোহা জোগাড় করতে সক্ষম হন তিনি।
মামুন শেখ প্রায় ১২ বছর ধরে এ কাজের সঙ্গে যুক্ত। তিনি বলেন, “চুম্বক দিয়ে লোহা কুড়ানো কাজটা শুরুতে অনেকেই অবজ্ঞা করেছে। কিন্তু এখন আমি এতে সম্মানজনক আয় করি। একই সঙ্গে রাস্তা থেকেও লোহার আবর্জনা পরিষ্কার হয়।”
তার এই ভিন্নধর্মী উদ্যোগে যেমন পরিবারকে সচ্ছলতা এনে দিয়েছে, তেমনি পরিবেশও উপকৃত হচ্ছে। পথে ছড়িয়ে থাকা লোহার টুকরো সংগ্রহ করায় একদিকে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে রাস্তাঘাটও হচ্ছে পরিচ্ছন্ন।
স্থানীয়রা বলছেন, মামুন শেখ আসলে প্রমাণ করেছেন, মনোবল ও শ্রম থাকলে যেকোনো কাজ দিয়েই জীবিকা নির্বাহ সম্ভব। তার এই অনন্য পেশা এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

















