আইন-আদালত

গুম-খুনের মামলায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস

  admin ২৪ আগস্ট ২০২৫ , ৭:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৪ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চেয়েছেন। শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে চার দফায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে চলতি বছরের ৬ জানুয়ারি শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেদিন প্রসিকিউশনের আবেদনে ২০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়। ওই দিনও জমা দিতে না পারায় ২৪ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষে সময় চাইলে আজ ফের নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আরও খবর:

Sponsered content