অপরাধ

মান্দায় হাটের সরকারি জমিতে দোকান নির্মাণ, অর্ধকোটি টাকা বাণিজ্যের অভিযোগ

  admin ২৫ আগস্ট ২০২৫ , ১০:২৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটের কাপড়পট্টি এলাকায় সরকারি জমিতে একের পর এক আধাপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ডিসিআরের (দখল-ইজারা) নামে অনুমতি দিয়ে এ পর্যন্ত অন্তত অর্ধকোটি টাকার অর্থ লেনদেন হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, কাপড়পট্টি এলাকায় ইট-বালুর স্তুপ ফেলা হয়েছে। নির্মাণশ্রমিকেরা দিনরাত কাজ করছেন। অনেক স্থানে ইতোমধ্যে দোকানঘরের গাঁথুনি শেষ হয়েছে। স্থানীয়রা জানান, হাটের জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন অনেকেই।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই হাটে একসঙ্গে অন্তত ৩৫টি দোকানঘরের জন্য ডিসিআর দেওয়া হয়েছে। এসব স্থাপনা নির্মাণে ব্যবসায়ীদের সহযোগিতা করেছেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার দাস।

অভিযোগে বলা হয়, চলতি বছরের জুন মাসে ইস্যুকৃত এসব ডিসিআরে তৎকালীন ইউএনও শাহ আলম মিয়ার স্বাক্ষর রয়েছে। এসময় এসি ল্যান্ডের পদটি দীর্ঘ ছয় মাস শূন্য থাকায় ভূমি অফিসের কার্যক্রম সরাসরি পরিচালনা করেন ওই ইউএনও। এ সুযোগে হাটের জায়গা লিজ দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত হারে প্রতি বর্গমিটারে উপজেলা সদরে লিজ ফি ৫০ টাকা এবং বাইরে ১৩ টাকা। অথচ দেলুয়াবাড়ি হাটে দোকানপ্রতি ৬০ থেকে ৭০ হাজার এবং বড় দোকানগুলোর ক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী আবুল কাসেম বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। তদন্ত করে অবৈধ ডিসিআর বাতিলের দাবি জানাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল। তিনি বলেন, ‘হাটের ডিসিআর বা জায়গা লিজ প্রদানে আমার কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়ানো হচ্ছে।

একইভাবে দায় এড়িয়েছেন ইউএনও দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার দাস। তিনি বলেন, ‘আমি কোনো অর্থনৈতিক লেনদেনে জড়িত না। আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে মান্দার বর্তমান ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। দেলুয়াবাড়ি হাটের ডিসিআর সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও খবর:

Sponsered content