গণমাধ্যম

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে অসুস্থ হয়ে সাংবাদিক শিবলী’র মৃত্যু

  admin ৯ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাজী আশরাফুল হাসান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে কার্জন হলের সামনে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস-এর রিপোর্টার তরিকুল ইসলাম তরিক শিবলী (৪০)।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ থানাধীন কার্জন হলের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ২৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত তরিকুল ইসলামের বাড়ি রাজধানীর উত্তরা তুরাগের দিয়াবাড়ি এলাকায় (১২ নম্বর বাড়ি, রোড-০২)। তিনি দীর্ঘদিন ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও খবর:

Sponsered content