admin ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হাসান মণ্ডলের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর জালিয়াতি ও দখলদারির অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি একটি গভীর নলকূপ জোরপূর্বক দখলে রেখেছেন এবং দখল ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন।

ভুক্তভোগী ইউ’পি সদস্য মোঃ শামীম হোসেন জানান, তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর অধীনে “খণ্ডকালীন অপারেটর কাম রেকর্ড কিপার” হিসেবে নিয়োগ পান। এ নিয়োগের আওতায় মহাদেবপুর উপজেলার একটি গভীর নলকূপ তাঁর জিম্মায় বুঝিয়ে দেওয়ার নির্দেশ আসে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীর দপ্তর থেকে।
তবে অভিযোগ অনুযায়ী, উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মণ্ডল সেই সেচযন্ত্র জোরপূর্বক দখলে রেখে শামীম হোসেনকে কাজে যোগ দিতে বাধা দেন।
বাধ্য হয়ে শামীম হোসেন হাইকোর্টে রিট (নম্বর-৮৯২৩/২০২৫) দায়ের করেন। হাইকোর্ট তার পক্ষে রায় প্রদান করলে বিএমডিএর মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী মোঃ তারিক আজিজ, আদালতের নির্দেশ অনুযায়ী ৩১ আগস্ট ২০২৫ তারিখে শামীম হোসেনকে পুনরায় নিয়োগ প্রদান করেন এবং প্রয়োজনীয় বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
কিন্তু অভিযোগ রয়েছে, চেয়ারম্যান আবু হাসান হাইকোর্টের সেই নির্দেশও উপেক্ষা করে গভীর নলকূপটি নিজের দখলে রেখেছেন। এমনকি শামীম হোসেন দাবি করেছেন, তিনি সেচযন্ত্র বুঝে নিতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে শামীম হোসেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা এবং মহাদেবপুর থানার ওসির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আবু হাসান মণ্ডলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আইনজ্ঞরা বলছেন, হাইকোর্টের আদেশ অমান্য করা গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

















