জাতীয়

ট্রাফিক বিভাগের নানা উদ্যোগেও যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর

  admin ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৩১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাজী আশরাফুল হাসান : সড়কের বিশৃঙ্খলা, অনিয়ন্ত্রিত যানবাহন আর দুর্বল ট্রাফিক ব্যবস্থায় যানজট এখন নিত্যসঙ্গী। কী রাত, কী দিন, কোনো সময়ই যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর। রাজধানীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার, মেট্রোরেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও যানজট কমছে না।

রাজধানীর যানজট এখন ভয়াবহ। নানা কাজে ব্যস্ত নগরীর মানুষগুলো যানজটের কাছে এসে যেন একেবারেই অসহায়। শুধু ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যা বছরে ৯৮ হাজার কোটি টাকার ক্ষতির সমান বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি।

সম্প্রতি শহরের বিভিন্ন সড়কের সোজা রাস্তা বন্ধ করে এবং যত্রতত্র ইউটার্ন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এতে সুফল মিলছেই না বরং রাস্তা সরু হয়ে যানজট দীর্ঘতর হচ্ছে বলে জানান চালকরা।

শুধু তাই নয়, সম্প্রতি ১৮ কোটি টাকা ব্যয়ে রাজধানীর ২২টি মোড়ে স্বয়ংক্রিয়ভাবে চলা সড়ক বাতি বসানো হলেও হাতের ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে যানবাহন। সারা বছরই চলতে থাকা সড়কের খোঁড়াখুঁড়ি কিংবা নির্মাণ কাজ যানজটের এই দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণ ও অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ না করলে সড়কের এই চিত্র বদলাবে না। রাজধানীতে যানজট কমাতে হলে সরকারের সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিআরটিএ, সিটি করপোরেশন- তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। সড়কের সক্ষমতা না যেনেই গাড়ির লাইসেন্স দেওয়া হচ্ছে, আমদানি করা হচ্ছে।

এ অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগ চান নগরবাসী।

আরও খবর:

Sponsered content