দেশজুড়ে

মান্দায় জমি নিয়ে বিরোধঃ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত নির্মাণকাজ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

  admin ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণচেষ্টার ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপে আপাতত কাজ বন্ধ হলেও আতঙ্ক কাটেনি ভুক্তভোগী পরিবারে।

ঘটনাটি ঘটে গত শনিবার সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের কলেজমোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জয়নাল মোল্লার ছেলে নাছের আলী মোল্লার সঙ্গে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে মোতাহারুল ইসলাম গংয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বিরোধপূর্ণ জমির ওপর আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ মোতাহারুল ইসলাম গং সেখানে দোকানঘর নির্মাণের চেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে, নাছের আলী মোল্লা পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরবর্তীতে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেয়।

নাছের আলী মোল্লা বলেন, “আমাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা চলছে। প্রশাসনের কাছে একাধিকবার গিয়েও প্রতিকার পাইনি। এখন প্রাণনাশের হুমকিতে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “৯৯৯ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়। উভয়পক্ষকে কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি।”
ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু সমাধান এবং প্রাণনাশের হুমকি থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর:

Sponsered content