admin ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ফেনীতে মুদি দোকান থেকে জিনিস চুরি করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলিম উদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ভারতীয় নাগরিকের নাম জাওয়ার কুমার যাদব (৩৭)। তিনি ভারতের বিহার রাজ্যের খাগরিয়া জেলার আলাউলি থানার ঋষি মনি মন্দির অঞ্চলের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের আলিম উদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে একটি মুদি দোকান থেকে মালিকের অনুপস্থিতিতে পণ্য নেয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করেন। এ সময় ওই যুবক হিন্দিতে কথা বলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। একপর্যায়ে তারা পুলিশকে জানালে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেন। এরপর নিজের পরিচয় দেন। জাওয়ার কুমার যাদব নামে ভারতীয় ওই নাগরিক ভিসা ও পাসপোর্ট ছাড়াই ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ভারতীয় ওই যুবকের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’











