অপরাধ

ব্যান্ড সুবিধার আড়ালে কোটি টাকার চোরাচালান: ঢাকা কাস্টমসের জালে অবৈধ মালামাল আটক

  admin ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাজী আশরাফুল হাসান : কাস্টমস হাউস, ঢাকা’র প্রিভেন্টিভ টিমের একটি সফল অভিযানে এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প এবং মোবাইল ফোনের এলসিডি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পরিচালিত এই অভিযানে দুইটি ভিন্ন এয়ারওয়ে বিলের মাধ্যমে আমদানি করা পণ্যচালান থেকে এই অবৈধ পণ্যগুলো উদ্ধার করা হয়।

মাহাদী ফ্যাশন (প্রাঃ) লিঃ নামক একটি প্রতিষ্ঠান চায়না থেকে প্রায় ৩ টন গার্মেন্টস এক্সেসরিজ (পেপার লেবেল, গাম টেপ ও লেইস) আমদানির ঘোষণা দেয়। এই পণ্যগুলো বন্ড সুবিধায় আনা হচ্ছিল। পরবর্তীতে, তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট সিটি এয়ার লাইনস এই আমদানির বিপরীতে বিল অফ এন্ট্রি দাখিল করে। ​তবে, কাস্টমস কর্মকর্তাদের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয় এই বিশেষ অভিযান। অভিযানে দেখা যায়, ঘোষিত পণ্যের আড়ালে কৌশলে নিয়ে আসা হচ্ছিল ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ পণ্য।

আটককৃত পণ্য:

এই অভিযানে মোট ৯৬ লাখ পিস সিগারেট স্ট্যাম্প এবং ২২২ কেজি মোবাইল ফোনের এলসিডি (LCD) জব্দ করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের মতে, যদি এই অবৈধ পণ্যগুলো খালাস হয়ে বাজারে চলে যেত, তাহলে সরকার আনুমানিক ৯৪ কোটি টাকা রাজস্ব হারাতো।

আইনানুগ ব্যবস্থা:

প্রাথমিক তদন্তে, আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী ফ্যাশন এবং তাদের সিএন্ডএফ এজেন্ট সিটি এয়ার লাইনস-এর পারস্পরিক যোগসাজশে এই চোরাচালানের চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। এই গুরুতর অপরাধের জন্য সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ধরনের চোরাচালান রোধে কাস্টমস হাউস, ঢাকা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

আরও খবর:

Sponsered content