admin ২ অক্টোবর ২০২৫ , ২:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এনসিপি থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতিতে তারা বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

বিবৃতিতে বলা হয়, ‘আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তাঁরা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জিদের রাজনৈতিক উত্থান, দেশ-কাল-পাত্রভেদে তাঁদের নয়া রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন। ‘‘বাংলা বসন্তের’’ নেতা হিসেবে নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন। আজ তাঁরা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই মূলত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।
ঢাকা পৌঁছানোর পর বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন করার কথা ছিল। ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিক জানান, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে পাশেই অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতা-কর্মী।
হুমায়ূন কবিরের বক্তব্যের সময় এনসিপির নেতা-কর্মীরা উচ্চস্বরে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন। এতে হুমায়ূন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হওয়ায় তাঁরা (সাংবাদিক) এনসিপি নেতা-কর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করেন। তখন এনসিপির কিছু নেতা-কর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর জেরে সাংবাদিকেরা বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।

















