admin ৪ অক্টোবর ২০২৫ , ৬:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
তারিফুল ইসলাম তারিফ : রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, রাতে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে সাংগঠনিক বৈঠকের আগে সহকর্মীদের সঙ্গে খাবার খেতে বসেছিলেন হাসিবুর রহমান। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানা গেছে।
ছাত্রদল সূত্রে জানা যায়, হাসিবুর রহমান ছিলেন সংগঠনের এক নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধু ও নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, “হাসিবুর রহমানের মতো সাহসী, পরিশ্রমী ও সংগঠনের প্রতি নিবেদিত একজন তরুণ নেতাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সকলের প্রিয় সহযোদ্ধা।
হাসিবুরের মৃত্যুর খবর জানতেই তাকে দেখতে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এবং ছাত্রদলের সভাপতি রাকিব। তার এমন অকাল মৃত্যুতে তারাও গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হলের ছাত্রদল নেতাকর্মীরাও কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
হাসিবুর রহমানের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

















