জাতীয়

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন

  admin ১৪ অক্টোবর ২০২৫ , ১০:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। আগুনে এখন পর্যন্ত দুজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে বেলা ১১টা ৪০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও ছয় ইউনিট যোগ হয়ে এখন ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)। সুরুজ দগ্ধ হয়েছেন ২ শতাংশ এবং মামুনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারের (২৪) মৃত্যু হয়।

আরও খবর:

Sponsered content