admin ৭ নভেম্বর ২০২৫ , ৯:৩৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়েকজন প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তি স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. গোলাম রাব্বানী প্রামানিকের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই ওয়ার্ডের বিভিন্ন গ্রামের অন্তত ৩০ জন প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তির কাছ থেকে প্রত্যেকে ৫ হাজার টাকা করে নেন ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রামানিক। তিনি প্রতিশ্রুতি দেন, তাদের নামে প্রতিবন্ধী ও পঙ্গু ভাতার কার্ড করে দেবেন। কিন্তু টাকা নেওয়ার পর তিনি আর কোনো কার্ড দেননি; বরং ভুয়া কার্ড দেখিয়ে পরে তা ফেরত নিয়ে নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত চাইলে মেম্বার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে সরাসরি বলেন, “আমি টাকা ফেরত দেব না, যার যা করার আছে তাই করো।”
অসহায় ও প্রতিবন্ধী এসব মানুষ বিষয়টি নিয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তারা অভিযুক্ত মেম্বারের কাছ থেকে নেওয়া টাকা ফেরত আদায় ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) মো. গোলাম রাব্বানী প্রামানিক বলেন, “অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এর সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের একটি সরকারি ঘরকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
অপরদিকে স্থানীয়রা বলছেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















