admin ৯ নভেম্বর ২০২৫ , ১২:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানী ঢাকার রাস্তায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিদ্যমান পুলিশ বক্সগুলো এবার নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে। একতলা সমান উঁচু করে তৈরি করা এসব পুলিশ বক্স সড়কের মধ্যেই থাকলেও এর নিচ দিয়ে স্বচ্ছন্দে চলাচল করতে পারবে পথচারীরা। এই অভিনব নকশার ফলে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে ফুটপাত বা রাস্তার জায়গা দখল করার অভিযোগও আর থাকবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ তার নিজের ফেসবুকে নকশার ছবিসহ পোস্ট করে তিনি এই তথ্য জানিয়েছেন, ঢাকার সব পুলিশ বক্স পর্যায়ক্রমে এই নতুন ডিজাইনে তৈরি করা হবে। চলতি মাসেই আগারগাঁওয়ের নতুন এই পুলিশ বক্সটি উদ্বোধন করা হবে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আমরা এমন একটি ডিজাইন তৈরি করেছি যেখানে পুলিশ বক্সগুলো রাস্তায় থাকবে কিন্তু এর নিচের অংশ সম্পূর্ণ ফাঁকা থাকবে, যাতে পথচারীরা সহজে হাঁটাচলা করতে পারে। এতে রাস্তায় কোনো বাধা সৃষ্টি হবে না। আধুনিক সুবিধা সম্বলিত এই বক্সগুলো ২০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার কনটেইনার আকারে নির্মাণ করা হচ্ছে।
নতুন ডিজাইনের এই পুলিশ বক্সগুলোতে পুলিশের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
যথাযথ ইনসুলেশন ব্যবস্থা।
টেবিল, ৬টি চেয়ার ও মিনি টি টেবিলের মতো আসবাবপত্র।
পর্যাপ্ত আলো এবং এয়ার কন্ডিশনার (এসি)। পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে, গ্রে ও ব্ল্যাক ওয়াটারের জন্য এসটিপি (Sewage Treatment Plant) স্থাপন করা হয়েছে। প্রক্রিয়াজাত এই পানি বাগান পরিচর্যায় ব্যবহার করা হবে।
ঢাকার যানজট ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকা পুলিশ বক্সগুলো অনেক সময় রাস্তার জায়গা সংকুচিত করে তোলে। নতুন এই উঁচু ডিজাইনের পুলিশ বক্স সেই সমস্যার সমাধান করবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ ও সাধারণ মানুষ। এটি শুধু নিরাপত্তা চৌকি হিসেবেই কাজ করবে না, বরং নগর সৌন্দর্যেরও প্রতীক হয়ে উঠবে।
এই পদক্ষেপ ঢাকার নগর ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং আধুনিক নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

















