admin ৯ নভেম্বর ২০২৫ , ১০:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
চলতি বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও দেশের মানুষ উপভোগ করবে দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি। পবিত্র ঈদুল ফিতরে থাকছে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন ছুটি।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলবে।
আগামী বছর কোরবানি ঈদে ছুটি থাকবে যত দিন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে।
অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।
এর আগে সাধারণত ঈদের ছুটি ৩ দিন থাকলেও কিছু বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। একইভাবে দুর্গাপূজার ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। তখনই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছুটি বাড়িয়ে যথাক্রমে ৫ ও ৬ দিন নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর আগামী বছরও একই কাঠামো বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।











