দেশজুড়ে

প্রার্থীতা স্থগিত করে নতুন প্রার্থী ঘোষণার দাবিতে মান্দায় বিএনপি’র সড়ক অবরোধ ও বিক্ষোভ

  admin ১৩ নভেম্বর ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় বিএনপির মনোনয়ন নিয়ে দেখা দিয়েছে অস্বস্তি ও বিভাজন। কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা হলেও মাঠপর্যায়ে ক্ষোভে ফুঁসছে তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, “দুঃসময়ে পাশে থাকা নেতাকেই প্রার্থী করা হোক।

বুধবার বিকেলে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নওগাঁ–রাজশাহী মহাসড়কে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হলেও তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের পরিশ্রমী ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে “বিতর্কিত কাউকে” প্রার্থী করা হলে তা হবে দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

নেতাকর্মীদের দাবি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি এম. এ. মতীনকেই ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুকে নওগাঁ-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। ঘোষণার পর থেকেই উপজেলায় দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। একপক্ষে মতীনের সমর্থকরা পুনর্বিবেচনার দাবি তুলছেন, অন্যদিকে টিপুর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

তৃণমূল নেতারা অভিযোগ করেন, ডা. টিপু একসময় সংস্কারপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। সেই সময় থেকেই উপজেলা বিএনপি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

এর আগে, গত ২৩ অক্টোবর সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে ডা. টিপুর ‘দলীয় আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ তুলে তার সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

এদিকে, গত সোমবার (১০ নভেম্বর) উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকরা একযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন পাঠান। ওই আবেদনে ডা. টিপুর প্রার্থীতা স্থগিত করে “অধিকতর তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন প্রার্থী ঘোষণার” দাবি জানানো হয়।

ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রওশন আলম ও সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “যিনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে সখ্য রেখে স্বাভাবিক জীবনযাপন করেছেন, তাকে প্রার্থী করা মানে দলের অস্তিত্বের সঙ্গে খেলা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মতবিরোধ অব্যাহত থাকলে মান্দা বিএনপির সাংগঠনিক ঐক্যে বড় ফাটল ধরতে পারে। তাদের মতে, “যিনি মাঠে ছিলেন, মানুষের সঙ্গে ছিলেন, তাকেই প্রার্থী করলে বিএনপি মান্দায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।

উল্লেখ্য, এর আগে গত ৪, ৯ ও ১০ নভেম্বর উপজেলার বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়। প্রতিবারই কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, “এই আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়, দলের অস্তিত্ব রক্ষার লড়াই।

আরও খবর:

Sponsered content