admin ১৮ নভেম্বর ২০২৫ , ১১:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক মন্তব্য করেছেন, বিগত স্বৈরাচার সরকারের জনপ্রতিনিধিরাই মাদক এবং কিশোর গ্যাং লালন-পালন করতো। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতেই তারা এই ‘গ্যাং কালচার’ চালু করেছিল।

সোমবার ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকাবাসীয় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে গ্যাস সংকট, মাদক ও কিশোর গ্যাং-এর অত্যাচার এবং জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরা হয়।
এলাকাবাসীর ভোগান্তি: গ্যাস, পানি, কিশোর গ্যাং ও জলাবদ্ধতা
মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিল গ্যাস সংকট: সবুজ বাংলা এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস লাইনের চরম সমস্যা চলছে। প্রায় প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের সরবরাহ না থাকায় সাধারণ মানুষ রান্না ও নিত্যদিনের কাজকর্মে চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও প্রতিটি বাড়ির গ্যাস লাইনে ট্রেনের পানি ঢুকে যাওয়ায় কোনভাবেই চুলায় গ্যাস আসে না। যে কোন সময় বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে এই এলাকায়।
মাদক ও কিশোর গ্যাং:
মাদক ব্যবসা ও কিশোর গ্যাং-এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই গ্যাংগুলোর কারণে এলাকায় এক ধরণের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
জলাবদ্ধতা ও দূষণ: সবুজ বাংলা আবাসিক এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক ‘সাংবাদিক খালটি’ দীর্ঘদিন ধরে দখল ও দূষণের শিকার। ময়লা-আবর্জনায় খালটি অস্তিত্ব সংকটে ভুগছে। এর ফলস্বরূপ, সামান্য বৃষ্টি হলেই এলাকায় হাঁটু সমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয় এলাকা জুড়ে।
সমস্যার সমাধানে প্রার্থীর আশ্বাস
এলাকাবাসীর কাছ থেকে সকল সমস্যা মনোযোগ সহকারে শোনার পর বিএনপি প্রার্থী আমিনুল হক তাদের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্রুত কথা বলবেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি এলাকাবাসীর পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায়, এলাকার সাধারণ মানুষ, স্থানীয় রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

















