admin ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জেও ১২ টি থানায় একযোগে নতুন অফিসার ইনচার্জ ওসি নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকেও তথ্যটি যাচাই করে জানানো হয়েছে।
নতুন পদায়নে সিরাজগঞ্জ সদর থানার দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম। এছাড়া কামারখন্দ থানায় শাহীন আকন্দ, রায়গঞ্জ থানায় গোলাম কিবরিয়া, উল্লাপাড়া মডেল থানায় মোহাম্মদ নূরে আলম, চৌহালী থানায় মতিউর রহমান, কাজীপুর থানায় এনায়েতুর রহমান, সলঙ্গা থানায় ইমাম জাফর, শাহজাদপুর থানায় সাইফুল ইসলাম, বেলকুচি থানায় আবু রায়হান, তাড়াশ থানায় হাবিবুর রহমান, এনায়েতপুর থানায় জাহিদ হোসেন এবং যমুনা সেতু পশ্চিম থানায় আমিরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করবেন।
পুলিশ সুপার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সম্প্রতি ২৯ নভেম্বর সিরাজগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, সারাদেশে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর মোট ৬৩৯টি থানার মধ্যে জেলা পর্যায়ের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে। আর বাকি ১১২টি মেট্রোপলিটন এলাকার থানায় ওসি পদায়ন স্থানীয় পুলিশ কমিশনারদের মাধ্যমে করা হবে।

















