admin ৩ ডিসেম্বর ২০২৫ , ১১:১২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর)। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে একসঙ্গে আয়োজিত এই বিশ্বকাপে মোট ৪৮ দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান, যেখানে দলগুলো গ্রুপে ভাগ করা হবে।

৪৮ দলকে চারটি পটে ভাগ করা হয়েছে, প্রতি পটে থাকবে ১২টি দল। পট-১ এ শীর্ষ ১২ দল রয়েছে, যেখানে রয়েছে স্বাগতিক তিন দেশসহ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড আলাদা ব্র্যাকেটে থাকবে যাতে তারা সেমিফাইনালের আগে মুখোমুখি না হয়।
পট-২, ৩ ও ৪ এ বিভিন্ন ফুটবল শক্তিধর ও বাছাইকৃত দলগুলো স্থান পেয়েছে। এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলবে, বাকি ৬ দল প্লে-অফ শেষে চূড়ান্ত হবে।
ড্রয়ের নিয়ম অনুযায়ী, কোনো গ্রুপে একই কনফেডারেশনের দুই দল থাকবে না (ইউরোপ ব্যতীত)। ইউরোপ থেকে ১৬ দল থাকায় প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুই ইউরোপীয় দল থাকতে পারবে। স্বাগতিক দেশগুলোর গ্রুপ ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে,মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ গ্রুপে ও যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে।
একদিকে, ইরান যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ায় ড্র অনুষ্ঠান বয়কট করেছে। ইরানের ফুটবল ফেডারেশন বিষয়টি সমাধানের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করছে।
২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে, পাশাপাশি অনুমোদিত আন্তর্জাতিক মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।
ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের ড্র আসল উত্তেজনার শুরু, এখন অপেক্ষা শুধু মাঠে দেখা যাবে কে কাদের মুখোমুখি হবে।





