দেশজুড়ে

দীর্ঘ এক যুগ পর সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: আজ চলছে ভোটগ্রহণ

  admin ৬ ডিসেম্বর ২০২৫ , ৯:০০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ এক যুগের অপেক্ষা শেষে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের এস এস রোডে অবস্থিত চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে কোনো বিরতি ছাড়াই।

অনেক বছর পর নেতৃত্ব বাছাইয়ের সুযোগ মিলায় ব্যবসায়ী মহলে বিশেষ উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনী এলাকায় বিভিন্ন পোস্টার-ব্যানারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীরাও শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে শুভেচ্ছা ও সমর্থন প্রত্যাশা করছেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোটকেন্দ্রজুড়ে ১৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। এরপর টানা পাঁচ দফায় পরিচালনা পর্ষদ নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কার্যকর নেতৃত্বের অভাবে জেলার ব্যবসাবাণিজ্যে প্রতিষ্ঠানটির ভূমিকা তেমন সক্রিয় ছিল না বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর নির্বাচন পরিচালনা বোর্ড ৬ ডিসেম্বর ভোটগ্রহণের সময়সূচি চূড়ান্ত করে।

চলতি নির্বাচনে অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট—দুটি গ্রুপে মোট ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দুজন ভাইস প্রেসিডেন্ট এবং ২০ জন পরিচালক। এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য সদস্য সংখ্যা ৫০৭।

আরও খবর:

Sponsered content