অর্থনীতি

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: দীর্ঘ বিরতির পর বিএনপি সমর্থিত প্রার্থীদের দাপুটে জয়

  admin ৮ ডিসেম্বর ২০২৫ , ৭:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : এক যুগ পর নতুন উদ্দীপনায় অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল প্রকাশ করে।

এবারের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের ব্যানার না থাকলেও বিভিন্ন প্রার্থীর পেছনে বিএনপি ও জামায়াত সমর্থন ছিল বলে জানা যায়। এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে থাকা প্রার্থীরা প্রায় সব পদেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় অর্জন করেন। অপরদিকে, জামায়াতপন্থী প্রার্থীরা কোনো পদেই বিজয় পায়নি।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পদে সাইদুর রহমান বাচ্চু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় তিনগুণ বেশি ভোট পেয়ে বিজয়ী হন।

অর্ডিনারি গ্রুপে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বিএনপির আরেক সহ-সভাপতি আব্দুল কাদের চেয়ারম্যান।

পরিচালক পদেও বিএনপি-সমর্থিত প্যানেলের শক্ত উপস্থিতি লক্ষ করা যায়। বিজয়ী হন—হাজী আব্দুস সাত্তার, একাব্বর আলী আকবর, আবু সাইদ, হাজী জুড়ান সরকার, তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসান।

বিজয় ঘোষণার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, “এই জয় মূলত ব্যবসায়ী সম্প্রদায়ের বিজয়। ১২ বছর পর চেম্বারে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আমি সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানাই।”

আরও খবর:

Sponsered content