আইন-আদালত

সিরাজগঞ্জে স্কুলছাত্রী শ্লীলতাহানি মামলায় ছাত্রদল নেতাকে আটক

  admin ১৫ ডিসেম্বর ২০২৫ , ২:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বোনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, রোববার রাতের দিকে পৌর শহরের সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে জুয়েল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার বাসিন্দা এবং মো. মোয়াজ্জেল শেখের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, প্রায় ১১ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিচয় হয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তিনি শ্লীলতাহানি করেন। এক পর্যায়ে বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত দলীয় পদ পাওয়ার পর বিয়ে করবেন বলে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও বলা হয়, দলীয় পদ পাওয়ার পর অভিযুক্ত মোবাইল ফোনের ম্যাসেঞ্জার থেকে দীর্ঘদিনের কথোপকথন ও সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলেন। বিয়েতে অস্বীকৃতি জানালে গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় শিক্ষার্থী অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষয়টি জানাতে গেলে তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং পুনরায় গেলে প্রাণনাশের হুমকি দেন।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর:

Sponsered content