admin ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানীর পল্লবী থানাধীন সবুজ বাংলা আবাসিক এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক ও অশান্তির পরিবেশ অবশেষে কাটতে শুরু করেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদকের রমরমা ব্যবসা, প্রকাশ্য চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতাকর্মীর প্রকাশ্য মহড়ার কারণে এলাকার সাধারণ মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল। তবে, গত এক সপ্তাহ ধরে সেনাবাহিনীর যৌথ অভিযানে একের পর এক সন্ত্রাসী ও অপরাধী গ্রেফতার হওয়ায় এলাকায় ফিরে এসেছে শান্তি ও স্বস্তি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সবুজ বাংলা আবাসিক এলাকায় উঠতি বয়সের কিশোরদের সমন্বয়ে গঠিত কয়েকটি গ্যাং দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই প্রকাশ্য অস্ত্রের মহড়া দিত। এই কর্মকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতার মদদ ছিল বলেও অভিযোগ রয়েছে। তাদের দাপটে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল।
তবে, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়। এই অভিযানে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সাথে জড়িত থাকা বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যকে একের পর একগ্রেফতার করা হয়েছে। দ্রুত ও কার্যকর এই অভিযানের ফলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের মনে ভয় সৃষ্টি হয়েছে এবং তারা এলাকা ছেড়ে ধীরে ধীরে পালাতে বাধ্য হচ্ছে।
এলাকার একাধিক বাসিন্দা আইনশৃঙ্খলা বাহিনীর এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এই কঠোর ব্যবস্থা গ্রহণের ফলেই তারা পুনরায় নির্বিঘ্নে চলাফেরা করার সুযোগ পাচ্ছেন।
এলাকায় বসবাসরত আমিদুল নামের এক ব্যক্তি বলেন, আমরা এতদিন চরম ভয়ে থাকতাম। সন্ধ্যার পর রাস্তাঘাটে বের হওয়া যেত না। এখন সেনাবাহিনীর অভিযানের ফলে পরিস্থিতি অনেক শান্ত হয়ে আসছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।
তবে, আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকার শান্তি পুরোপুরি ফিরিয়ে আনতে হলে আরও পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, কিশোর গ্যাং এবং চাঁদাবাজদের পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের যেসকল নেতাকর্মীরা এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, দ্রুত তাদেরকেও গ্রেফতার করতে হবে। এমনকি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্যর মাধ্যমে অর্থ দাতার ভূমিকা পালন করছেন। এমনকি তাদের সন্তানদের মাধ্যমে একটি সিন্ডিকেট সক্রিয় করার চেষ্টা করছেন। এলাকার শান্তিপ্রিয় মানুষ মনে করেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলেই পল্লবীর সবুজ বাংলা, ৫৪ প্লট ও আদর্শ নগর এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।
সাধারণ মানুষের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী তাদের এই অভিযান অব্যাহত রাখবে এবং সন্ত্রাসের মূল উৎপাটনে সক্ষম হবে, যাতে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

















