admin ২৮ ডিসেম্বর ২০২৫ , ৯:৩১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
আলতাফ হোসেন অমি : জাতীয় প্রেসক্লাবে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.) এর স্মরণে এক আলোচনা সভা ও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ-সালামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পরশুরামের পাগলা শাহ দরবার শরিফের গদীনশীন পীর শাহসুফি আহাম্মদ হোসেন মজুমদার (পীরজাদা লাতু মিয়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটির সভাপতি সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কদ্বমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গিয়াস আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন: “আহলে বাইতের শিক্ষা হলো মানবতা, ন্যায় ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। আজকের সমাজ সংস্কার ও নৈতিকতা গঠনে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল্লামা ড. আহসানুল হাদী মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবন ও ইসলামী মূল্যবোধের ওপর বিস্তারিত আলোচনা করেন। তিনি মুসলিম নারীদের আদর্শ হিসেবে হযরত ফাতেমা (আ.)-এর ত্যাগ ও জীবনসংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়ার সাতগাছিয়া দরবার শরিফের পীর সাহেব সৈয়দ মুতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী। কনফারেন্সে বক্তারা মাজার ও দরগাহভিত্তিক আধ্যাত্মিক চর্চা রক্ষা, সামাজিক সম্প্রীতি এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটির আয়োজনে এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ অনুসারীরা অংশ নেন।

















