দেশজুড়ে

রাষ্ট্রীয় শোক শেষ হলেও খালেদা জিয়ার প্রতি ফুরিয়ে যায়নি মানুষের ভালোবাসা

  admin ৬ জানুয়ারি ২০২৬ , ৮:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার প্রস্থানের এক সপ্তাহ পেরিয়ে গেছে। রাষ্ট্রীয় শোক আর সাধারণ ছুটির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, সমাপ্তির পথে দলীয় কর্মসূচিও। কিন্তু ফুরিয়ে যায়নি সাধারণ মানুষের ভালোবাসা। যে ভালোবাসার নিবিড় সুঁতোয় দেশের কোটি মানুষকে বেঁধেছিলেন এই মহীয়সী, তার প্রমাণ মিলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে।

​বেগম জিয়া, একটি নাম, একটি দীর্ঘ ইতিহাস। তার জীবনের পরতে পরতে লুকিয়ে আছে শত-সহস্র দৃশ্যমান ত্যাগের অধ্যায়। সম্প্রতি তার বিদায়ের মধ্য দিয়ে একটি গল্পের যবনিকা হয়েছে বলে মনে হলেও, আদতে তা যেন রবীন্দ্রনাথের সেই অমোঘ বাণীর মতো, ‘শেষ হইয়াও হইলো না শেষ’।

​জানাজা থেকে সমাধি: ভালোবাসার বিরামহীন স্রোত
​বেগম জিয়ার জানাজার ময়দান কোনো সাধারণ জমায়েত ছিল না, তা ছিল অগণিত মানুষের ভালোবাসার এক জীবন্ত মহাকাব্য। তার প্রস্থানের ঘণ্টা যেন এদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে বেজে উঠেছিল। সেই বিদায় ছিল গৌরবের, সেই বিদায় ছিল অতুলনীয় ঐশ্বর্য্যের।

​রাজনীতির মারপ্যাঁচ বা অলিগলির খবর যারা কোনোদিন রাখেননি, তারাও আজ দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রিয় নেত্রীর সমাধিস্থলে। কেবল একবার অনুভব করা, একটু দেয়াল ছুঁয়ে দেখা কিংবা কবরের পাশে বসে দোয়া করার আকুলতা নিয়ে মানুষ ভিড় করছেন। কেউ আনছেন একগুচ্ছ ফুল, কেউবা নিভৃতে চোখের জল ফেলছেন। সমাধি আঙিনায় প্রতিনিয়ত জমা হচ্ছে হাজারো মানুষের অব্যক্ত গল্পের পাহাড়।

কেন এই অভাবনীয় আবেগ?

​বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতে, ভালোবাসা কোনো পার্থিব সম্পদ দিয়ে কেনা যায় না; ভালোবাসা অর্জন করতে হয় ত্যাগ আর ভালোবাসা দিয়েই। বেগম জিয়া সম্ভবত সেই বিরল ব্যক্তিত্ব, যিনি সাধারণ মানুষের হৃদস্পন্দন বুঝতে পেরেছিলেন। আর তার প্রতিদান হিসেবেই দেশের ১৮ কোটি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে তিনি পাড়ি জমিয়েছেন পরপাড়ে।

​রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হয়তো থেমে যাবে, কিন্তু জনমানসে বেগম খালেদা জিয়ার যে আসন, তা সময়ের পরিক্রমায় আরও উজ্জ্বল হবে বলেই ধারণা করা হচ্ছে। তার এই চিরবিদায় যেন এক নতুন স্মৃতির নবোদয়, যা বেঁচে থাকবে যুগ যুগ ধরে।

আরও খবর:

Sponsered content