রাজনীতি

নওগাঁর মান্দায় বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীকে শোকজ

  admin ৮ জানুয়ারি ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির প্রার্থী ইকরামুল বারী (টিপু) এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিবকে পৃথক শোকজ নোটিশ দেন কমিটির চেয়ারম্যান, নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার।

নোটিশে বিএনপির প্রার্থী ইকরামুল বারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি প্রচার শুরুর আগেই ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান এবং বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি দোয়া মাহফিল ও শোকসভায় তিনি প্রকাশ্যে ভোট চান। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তাকে আগামী ১৪ জানুয়ারি লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিবের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি একটি খেলার অনুষ্ঠানে জনসম্মুখে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, যা আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৪ ও বিধি ১৮ লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়। তাকে আগামী ১৫ জানুয়ারি লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী ইকরামুল বারী বলেন, দোয়া ও শোকসভায় বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ভোট চেয়ে ফেলেছেন। ফেসবুকে দেওয়া ভিডিওগুলো তফশিল ঘোষণার আগের বলে দাবি করে তিনি বলেন, আদালতে হাজির হয়ে নিজের ব্যাখ্যা দেবেন।

জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিব বলেন, তিনি এখনো শোকজের নোটিশ হাতে পাননি। অভিযোগের বিষয়ে তার কোনো কিছু মনে পড়ছে না বলেও দাবি করেন। নোটিশ পেলে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেবেন বলে জানান তিনি।

আরও খবর:

Sponsered content