আইন-আদালত

পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ শাহাজাদী গ্রেপ্তার: যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার

  admin ৯ জানুয়ারি ২০২৬ , ১১:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা পল্লবীর দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী শাহাজাদী অবশেষে যৌথ বাহিনীর জালে ধরা পড়েছেন। বৃহস্পতিবার দিনভর ও রাতভর পল্লবীর বেগুনটিলা বস্তি ও কুর্মিটোলা ক্যাম্প এলাকায় পরিচালিত এক সাঁড়াশি অভিযানে শাহাজাদীসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি বিগ্রেডের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর ক্যাম্পের সেনাসদস্যরা পল্লবীর বেগুনটিলা বস্তিতে অভিযান চালায়। প্রথম দফার এই অভিযানে গ্রেপ্তার করা হয় শাহাজাদী (৩৫) এবং তার তিন নিকট আত্মীয় ও সহযোগী বেলি (৩২), মো. ইসলাম (৩৫) ও রনিকে (৪০)।
​পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান শুরু হয় রাত ২টায়। কুর্মিটোলা ক্যাম্প এলাকায় শাহাজাদীর নিজস্ব আস্তানায় ভোর ৫টা পর্যন্ত চলে এই তল্লাশি। সেখান থেকেই উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন এবং গাঁজা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাজাদী দীর্ঘদিন ধরে পল্লবী ও মিরপুর এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন। এর আগেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও প্রতিবারই তিনি সটকে পড়তে সক্ষম হন। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ব্যবসা ও অবৈধ অর্থ লেনদেনের একাধিক মামলা ও অভিযোগ ঝুলে আছে।
​আইনগত ব্যবস্থা

​শুক্রবার সকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চারজনকেই আইনি প্রক্রিয়া শেষে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্ত্র নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের পেশাদার ও নিরপেক্ষ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর:

Sponsered content