admin ১৬ জানুয়ারি ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানীর পল্লবী থানা এলাকার প্যারিস রোডে অবস্থিত একটি পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট থেকে সুমন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পরিত্যক্ত ওই মার্কেটের ভেতর মরদেহটি দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পল্লবী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, প্রাথমিকভাবে নিহতের নাম সুমন বলে শনাক্ত করা হয়েছে। তিনি বরিশালের মুলাদি থানার বাসিন্দা ছিলেন এবং মিরপুরের একটি মোবাইল দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৩ জানুয়ারি থেকে সুমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। চারদিন পর তাঁর নিথর দেহ উদ্ধারের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক দল। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে: মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ হওয়ার পর থেকে সুমনের মোবাইল লোকেশন ও শেষ কল লিস্ট যাচাই করা হচ্ছে।
এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















