admin ১৯ জানুয়ারি ২০২৬ , ৭:১৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী শাহীন ইসলাম জীবনের চার ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, গুলি, ওয়াকিটকি এবং চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।


যেভাবে পরিচালিত হয় অভিযান
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সন্ত্রাসী শাহীন ইসলাম জীবন একটি আগ্নেয়াস্ত্র হস্তান্তরের জন্য মিরপুর-১৩ এলাকার এস অ্যান্ড এস হারম্যান মেইনার কলেজের সামনে অবস্থান করবে। এই তথ্যের ভিত্তিতে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১১ সিগন্যাল ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল তাৎক্ষণিক নজরদারি শুরু করে।
রাত ১০টার দিকে চিহ্নিত স্থানে অভিযান চালিয়ে প্রথমে মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২৭) নামে জীবনের এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়: ১টি পিস্তল ও ০১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ১টি ওয়াকিটকি সেট এবং নগদ অর্থ।

দ্বিতীয় দফার অভিযানে আরও ৩ জন গ্রেফতার
গ্রেফতারকৃত সাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই ১১টা ৩০ মিনিটে মিরপুরের হোপ মার্কেটে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে সরাসরি চাঁদাবাজিরত অবস্থায় জীবনের আরও তিন সহযোগীকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলো— সুলতান মোল্লা (৫৫), মোঃ রুবেল হাসান (৪০) এবং ফারুক আহমেদ (৩৯)। তারা এলাকায় শাহীন ইসলাম জীবনের ‘লাইনম্যান’ হিসেবে চাঁদা আদায়ের কাজ করতো। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩,৩৭০ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর কঠোর বার্তা
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











