দেশজুড়ে

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৬

  admin ২০ জানুয়ারি ২০২৬ , ৩:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মিরপুর মডেল থানাধীন পীরের বাগ আল মোবারক মসজিদের সামনে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। কয়েকজনকে মসজিদের মধ্যে আটকে রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মাগরিবের নামাজের পর জামায়াত ইসলামী ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এদিকে মিরপুরের জামায়াত নেতা রাকিবুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মিরপুর আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেই বাসায় জামায়াতের নারী নেত্রীদের বিকেল তিনটা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আটকে রেখে নির্যাতন করে। পরে তাদের উদ্ধার করতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপর হামলা করে বিএনপির সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নারী নেতাকর্মীদের উদ্ধার করে।

আরও খবর:

Sponsered content