admin ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
এম সাজেদুল ইসলাম সাগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য এবং সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনার কথা জানানো হয়। আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো জনপ্রতিনিধি বা সরকারি-বেসরকারি চাকরিজীবী কোনো নির্দিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করতে পারবেন না।
যেকোনো ধরনের গণসংযোগ ও মিছিলে অংশগ্রহণ,নির্বাচনী সভা বা উঠান বৈঠকে উপস্থিত থাকা,প্রার্থীর পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো বা বিতরণে সহায়তা করা এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো শিক্ষক, কর্মকর্তা বা ইউপি প্রতিনিধি এই আদেশ অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের হস্তক্ষেপ বন্ধ করতেই এই পদক্ষেপ। দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
সহকারী রিটার্নিং অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। আশা করি, সকলে এই নির্দেশনা মেনে প্রশাসনকে সহায়তা করবেন।
নবাবগঞ্জসহ দিনাজপুর জেলার অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

















