admin ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁয় ঠিকানা জিজ্ঞেসের ছলে এক গৃহিনীকে অচেতন করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নওগাঁ পৌরসভার গোস্ত্রহাটির মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোছা. রাহিমা বেগম (৪০) নওগাঁ পৌরসভার চকপ্রসাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সকাল আনুমানিক ১১টা ১৮ মিনিটে গোস্ত্রহাটির মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার সামনে এসে আরামবাগের ঠিকানা জানতে চান।
তার অভিযোগ, ঠিকানা বলার একপর্যায়ে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে দেখেন, তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), ৬ আনা ওজনের এক জোড়া কানের দুল (আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা) এবং একটি রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন (মূল্য প্রায় ১৯ হাজার টাকা), যাতে ০১৭৪৮৪২৮৮৯২ নম্বরের সিম ছিল—সেগুলো নেই।
রাহিমা বেগম বলেন, “তারা আমার কাছে ঠিকানা জানতে চায়। এরপর কী হয়েছে বুঝতে পারিনি। কিছু সময় পর জ্ঞান ফিরলে দেখি গলায় ও কানে থাকা স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন নেই।”
ঘটনার পর তিনি বাড়িতে ফিরে স্বজন ও স্থানীয়দের বিষয়টি জানান। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















