দেশজুড়ে

নওগাঁয় পুকুর থেকে পিতলের ৭ মূর্তি ও ২টি বাটি উদ্ধার

  admin ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর পুকুরে মাছ ধরতে গিয়ে সাতটি ছোট পিতলের মূর্তি ও দুটি বাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে কয়েকজন মাছ ধরতে নামেন। জাল তোলার সময় মাছের সঙ্গে উঠে আসে সাতটি ছোট মূর্তি, দুটি বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

পুকুর মালিক মোহাম্মদ মন্টু ফকির জানান, রোববার দুপুরে রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪) ও রিয়াদ (২২)সহ কয়েকজন পুকুরে জাল ফেলেন। জাল ওঠানোর সময় হঠাৎ করেই মূর্তি ও বাটিগুলো পাওয়া যায়।

রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে জানা গেছে, মূর্তিগুলো কাঁসা/ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি। এগুলোর বিশেষ ঐতিহাসিক বা আর্থিক মূল্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর:

Sponsered content