admin ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজধানীতে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ ফজর মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নিজে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
অংশগ্রহণ: জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “একটি আদর্শ রাষ্ট্র গঠনে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এই দর্শনকে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, বরং জনসচেতনতাই পারে ঢাকা শহরকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তুলতে।” তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। বিরোধী দলীয় নেতার এমন সরাসরি অংশগ্রহণ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
উল্লেখ্য যে, এই কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।

















