admin ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : পবিত্র রমজান মাস শুরু হলেও রাজধানীর বহু পরিবারের রান্নাঘরে স্বস্তি নেই। গত কয়েক মাস ধরে চলমান গ্যাস সংকট রোজার শুরুতেই আরও প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে ইফতার ও সেহরির সময় চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বাধ্য হয়ে অনেক পরিবারই ইফতারের জন্য বাইরের খাবারের ওপর নির্ভর করছেন, ফলে বাড়ছে অতিরিক্ত খরচও।

রাজধানীর পল্লবী এলাকার একাধিক মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে গিয়ে দেখা যায়, সকাল থেকে বারবার চেষ্টা করেও চুলা জ্বালাতে পারছেন না গৃহিণীরা। রমজানের শুরু থেকেই এই সংকট যেন তীব্র হয়েছে। সকাল গড়িয়ে দুপুর হলেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাসের দেখা। ফলে রান্নার সময়সূচি এলোমেলো হয়ে পড়েছে।
শুধু পল্লবী বা মিরপুরেই নয়, রাজধানীর বিভিন্ন এলাকাজুড়ে একই চিত্র। উত্তরা, খিলগাঁও, বাসাবো, হাজারীবাগ, গোপীবাগ, জিগাতলা, পুরান ঢাকা, মোহাম্মদপুর, তেজগাঁও, শাহীনবাগ, পশ্চিম নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকার অভিযোগ পাওয়া গেছে। অনেক বাসিন্দা জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না তারা।
ভুক্তভোগী গৃহিণীদের অভিযোগ, সেহরির রান্না করতে গিয়ে কখনো কখনো ভোরের আজান বেজে যাচ্ছে। বাধ্য হয়ে অনেকেই ইলেকট্রিক চুলা, হোটেলের খাবার বা বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন। এতে একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে মানসিক চাপও বাড়ছে পরিবারগুলোতে।
রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে পরিবারের সঙ্গে ঘরোয়া ইফতার করতে না পারার হতাশা ও ক্ষোভও প্রকাশ পাচ্ছে বাসিন্দাদের কথায়। অনেকেই বলছেন, বছরের এই বিশেষ সময়ে এমন দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়।
এদিকে নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য দ্রুত গ্যাস সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে, সাধারণ মানুষের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
রাজধানীবাসীর প্রত্যাশা, রমজানের বাকি দিনগুলোতে যেন অন্তত স্বস্তি ফিরে আসে রান্নাঘরে— এমনটাই এখন সময়ের দাবি।











