অপরাধ

রাজধানীর পল্লবীর ত্রাস ‘ডাসা শরিফ’ পুলিশের জালে ধরা

  admin ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবী থানাধীন কালশি এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং ‘কানকাটা গ্রুপ’-এর প্রধান শরিফ ওরফে ডাসা শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে পল্লবী থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, পল্লবী থানাধীন প্রশিকা মোড়ের পাশে সেকশন-০৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শরিফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসা শরিফ পল্লবী এলাকার একটি আতঙ্কের নাম। কিশোর গ্যাং কার্যক্রম, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অনেকে তাকে ‘শুটার শরিফ’ নামেও চেনে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, তাকে কঠোর জিজ্ঞাসাবাদের আওতায় আনলে থানার লুট হওয়া অস্ত্রসহ একাধিক অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যেতে পারে।

পল্লবী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার অপরাধমূলক নেটওয়ার্ক সম্পর্কে অধিকতর তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও খবর:

Sponsered content