admin ১৬ মার্চ ২০২৬ , ৬:৫৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার : অনলাইনে টিকিট সংগ্রহে কিছুটা জটিলতা থাকলেও এবারের ঈদযাত্রায় রেলপথে বড় কোনো ভোগান্তি ছাড়াই হাসিমুখে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। নির্ধারিত সময়েই অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। তবে স্টেশনে প্রবেশে রাখা হয়েছে কঠোর শৃঙ্খলা। যাত্রীদের টিকিট যাচাই করে তবেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া টিকিটবিহীন কাউকে স্টেশনের ভেতরে ঢুকতে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ।
উপবন এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বেসরকারি চাকরিজীবী রিয়াসাত। তিনি বলেন, অনলাইনে টিকিট কাটতে পেরে এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক হয়েছে। স্টেশনেও তেমন বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় নেই, তাই কোনো ভোগান্তি ছাড়াই যাত্রা শুরু করতে পারছি।
শায়েস্তাগঞ্জগামী যাত্রী আজিজুল হক বলেন, “অনলাইনে টিকিট কেটেছি, তেমন কোনো ভোগান্তি হয়নি। এবারের ঈদযাত্রা ভালোই লাগছে।
সিলেটগামী যাত্রী মো. বিল্লাল জানান, অনলাইনে টিকিট কিনতে কিছুটা বেগ পেতে হয়েছে। এসি কোচের টিকিট না পেলেও পরে শোভন চেয়ারের টিকিট পেয়েছেন। তবে সার্বিকভাবে যাত্রায় বড় কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।
অন্যদিকে, অতিরিক্ত চাহিদা ও ওয়েবসাইটে চাপের কারণে অনেক যাত্রী অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি। ফলে ঈদযাত্রায় শামিল হতে স্টেশন থেকেই স্ট্যান্ডিং টিকিট কিনছেন অনেকেই।
ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রী নাজমুল হক বলেন, “অনলাইনে কয়েকবার চেষ্টা করেও টিকিট কাটতে পারিনি। পরে স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট নিয়েছি। দামও ঠিকঠাকই রেখেছে।”
রেলওয়ে সূত্র জানায়, যারা বাইরে থেকে স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন না, তারা প্ল্যাটফর্মে ঢুকে জরিমানাসহ টিকিট সংগ্রহ করতে পারছেন। তবে যাত্রীদের আগেভাগেই স্ট্যান্ডিং টিকিট নেওয়ার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, “এ পর্যন্ত ২০ জোড়া ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস আধা ঘণ্টা বিলম্বে ছেড়েছে, তবে বাকি সব ট্রেন সময়মতো ছেড়ে গেছে। আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, আশা করছি যাত্রীরা ভোগান্তিহীনভাবে ঈদযাত্রা সম্পন্ন করতে পারবেন।”











