জাতীয়

তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা : রাজধানীর পল্লবীতে বড় দুর্ঘটনার আশঙ্কা

  admin ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন সবুজ বাংলা আবাসিক এলাকায় তিতাস গ্যাসের সংযোগ লাইনে ফুটো হয়ে দুইদিন ধরে গ্যাস বের হচ্ছে। দীর্ঘ সময় ধরে গ্যাস নির্গমনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, গ্যাস ফুটো হওয়ার বিষয়টি একাধিকবার তিতাস গ্যাসের মিরপুর ইমার্জেন্সি সার্ভিসে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীরা জানান, ইমার্জেন্সি নাম্বারে ফোন করলে দায়িত্বে থাকা কর্মকর্তা কালাম নামের একজন শুধু বিভিন্ন শাখার ফোন নাম্বার দিয়ে দায় এড়িয়ে যান। পরবর্তীতে অন্য নাম্বারে ফোন করলেও সেখান থেকেও কোনো টিম ঘটনাস্থলে যায়নি।

এমনকি, অভিযোগ রয়েছে যে, ভুক্তভোগীরা পুনরায় ফোন দিলে ওই কালাম নামের ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের হুমকি শুনতে হয়েছে। জনতার আলোর হাতে এমন অডিওও এসেছে, যেখানে অভিযোগের সত্যতা স্পষ্টভাবে উঠে এসেছে।

২২ ঘণ্টা পেরিয়েও আসেনি টিম

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, প্রথমবার ফোন করার পর প্রায় ২২ ঘণ্টা পার হলেও তিতাস গ্যাসের কোনো জরুরি টিম ঘটনাস্থলে যায়নি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি এ সময়ের মধ্যে আগুনের কোনো উৎসের সংস্পর্শে গ্যাস চলে যেত, তাহলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। অথচ কর্তৃপক্ষ শুধু দায়সারা কথা বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।”

আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী

সবুজ বাংলা আবাসিক এলাকার ওই স্থানটি থেকে ক্রমাগত গ্যাস বের হওয়ায় সেখানে বসবাসকারীরা আতঙ্কিত। অনেকেই নিজেদের নিরাপত্তার জন্য গ্যাসের কাছাকাছি অংশে যাওয়া বন্ধ করে দিয়েছেন। তাদের মতে, গ্যাস নির্গমন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। এছাড়াও, এই এলাকাটিতে সামান্য বৃষ্টি হলেই গ্যাসের মেইন লাইনে পানি ঢুকে গ্যাস বন্ধ হয়ে যায়। কারো ঘরে জ্বলে না চুলা। নিজ দায়িত্বে গ্যাসের রাইজার খুলে পানি বের করা না পর্যন্ত কোনভাবেই চুলাতে গ্যাস আসে না। এ বিষয়ে কথা বললেও মিরপুরের তিতাস অফিস থেকে কোন সমাধান দেয় নি বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত দুই দিনের বৃষ্টিতে আবারও সবুজ বাংলা এলাকায় অধিকাংশ বাড়িতেই চুলায় জ্বলছে না আগুন। কারণ বৃষ্টিতে আবারো মেনলাইনে ঢুকে গেছে পানি।

কর্তৃপক্ষের অবহেলা নিয়ে প্রশ্ন

তিতাস গ্যাস বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান। অথচ প্রতিষ্ঠানের এমন অবহেলা ও গাফিলতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, “জরুরি পরিস্থিতিতে যদি ইমার্জেন্সি সার্ভিস নাই পাওয়া যায়, তাহলে এর প্রয়োজন কী?”

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

ভুক্তভোগীরা জানান, মিরপুর ইমার্জেন্সি শাখার কালামের মতো দায়িত্বজ্ঞানহীন ও গ্রাহকবিরোধী আচরণে তিতাস গ্যাসের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত সুদৃষ্টি কামনা করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, জরুরি ভিত্তিতে তিতাস গ্যাসের একটি টিম না পাঠানো হলে রাজধানীর সবুজ বাংলা এলাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও খবর:

Sponsered content