অপরাধ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সালিশ, জরিমানার টাকা মসজিদে দেওয়ার নির্দেশে গ্রামবাসীর ক্ষোভ

  admin ৪ আগস্ট ২০২৫ , ১২:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার সিমলা গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুগলকে আটক করে গ্রামবাসী। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সালিশ বৈঠক।

বৈঠকে অভিযুক্ত যুবকের ওপর ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। চেয়ারম্যানের নির্দেশে এর মধ্যে ৫০০ টাকা গ্রাম পুলিশের খরচ হিসেবে রাখা হয় এবং বাকি ৯,৫০০ টাকা স্থানীয় মসজিদে দেওয়ার আদেশ দেওয়া হয়।

তবে এই রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, একটি ব্যক্তিগত বা সামাজিক অপরাধের শাস্তির টাকা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদান কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবহার এইভাবে করা হলে তা মসজিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ব্যক্তিগত অপরাধে জরিমানার টাকা মসজিদে দেওয়া হলে ভবিষ্যতে অনেকে এটিকে নিয়মে পরিণত করতে পারে। এটি ধর্মীয় প্রতিষ্ঠানকে বিতর্কে জড়ানোর শামিল।”

অন্যদিকে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু এ বিষয়ে বলেন, “মসজিদে টাকা দিলে অন্তত ধর্মীয় কাজে লাগবে। সমাজের উপকারেই এই সিদ্ধান্ত।”

তবে স্থানীয় সচেতন মহলের মতে, বিচার প্রক্রিয়া কিংবা জরিমানার অর্থ ব্যবহারে অবশ্যই স্বচ্ছতা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকা জরুরি। অন্যথায় তা সামাজিক অস্থিরতা কিংবা বিভ্রান্তির জন্ম দিতে পারে।

এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। গ্রামবাসীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করছেন।

আরও খবর:

Sponsered content