জাতীয়

টানা চারদিনের ছুটি: রাজধানী ছাড়তে ব্যস্ত মানুষ

  admin ১ অক্টোবর ২০২৫ , ৮:৩৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিনের ছুটি ঘিরে রাজধানী ছেড়ে যাচ্ছেন ঢাকাবাসী। বুধবার ভোর থেকেই রাজধানীর প্রধান তিন বাস টার্মিনাল—গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে ছুটির আমেজে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

সকালের বৃষ্টিও ফেরাতে পারেনি মানুষকে। পরিবারের ছোট-বড় সবাই ব্যাগপ্যাক, ট্রলি ও হাতে নানান মালপত্র নিয়ে ছুটছেন গ্রামীণ ঠিকানায়। ফলে টার্মিনাল এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ কর্মব্যস্ততার পর পরপর চারদিন ছুটি পাওয়ায় গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তারা এখনই রওনা দিচ্ছেন।

গাবতলী টার্মিনালে দেখা যায়, উত্তরবঙ্গগামী বাসগুলোর কাউন্টারে উপচেপড়া ভিড়। অনেকেই আগাম টিকিট কেটে রেখেছেন, তবে কেউ কেউ শেষ মুহূর্তে টিকিটের জন্য ছুটোছুটি করছেন। অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটগামী যাত্রীদের চাপ বেশি। মহাখালী টার্মিনালে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী বাসে ছিল গাদাগাদি ভিড়।

যাত্রীরা অভিযোগ করেছেন, বৃষ্টি আর যাত্রীচাপের কারণে অনেক বাস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে। আবার কোথাও কোথাও অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। তবে বাস মালিক ও শ্রমিকদের দাবি, বর্ধিত যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত ট্রিপ দেওয়া হচ্ছে, যাতে সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

এদিকে রাজধানী ছাড়তে শুরু করায় রাস্তাঘাটেও কমছে চাপ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে টার্মিনাল ও মহাসড়কে বিশেষ নজরদারি চলছে।

সবমিলিয়ে টানা চারদিনের ছুটিকে ঘিরে ঢাকার বাস টার্মিনালগুলোতে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। গ্রামে ফেরা মানুষের হাসিমাখা মুখ যেন জানিয়ে দিচ্ছে—দীর্ঘ প্রতীক্ষিত ছুটিকে সবাই উপভোগ করতে চাইছে আপনজনের সঙ্গে।

আরও খবর:

Sponsered content