admin ২৬ জানুয়ারি ২০২৬ , ৭:৩০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর নিয়ামতপুরে স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণে বাধা ও অতর্কিত হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি অধ্যাপক সেকেন্দার আলী (৫১)। তিনি ভাবিচা ইউনিয়নের বাদ মালঞ্চি গ্রামের মৃত বছির উদ্দিন মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতের দাবি, স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. ছালেক চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণকালে বিএনপি মনোনীত প্রার্থীর ভাই ও তার সমর্থকরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সেকেন্দার আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব সদরুল আমিন চৌধুরী, রেজাউল করিম, এনামুল হক, শামসুল আলম, আঙ্গুর ও মাকসুরাসহ অন্যরা। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. ছালেক চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















