admin ২১ আগস্ট ২০২৫ , ১:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহমুদুল হাসান : রাজধানীর দিয়াবাড়িতে ফুডকার্টের আড়ালে দীর্ঘদিন ধরে চলা মাসিক প্রায় ৫ লক্ষ টাকার চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর, আজ (২১ আগস্ট ২০২৫) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

গত ১১ আগস্ট ২০২৫ তারিখে জনতার আলো পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, দিয়াবাড়িতে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে ফুডকার্ট বসিয়ে মাসে প্রায় ৫ লক্ষ টাকা চাঁদাবাজি করছে।
প্রতিবেদনটি প্রশাসনের নীরবতা ও চক্রটির বেপরোয়া কার্যকলাপের বিষয়টি বিস্তারিত উঠে আসে সেখানে। এই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং চাঁদাবাজির প্রমাণ পায়।

এর প্রেক্ষিতে আজ বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপসচিব ও জোন-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এন এম বদরুদ্দোজা নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুডকার্টের আড়ালে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত কায়াকিং স্পটটিও গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এন এম বদরুদ্দোজা বলেন, দিয়াবাড়িতে ফুডকার্টের নামে যে চাঁদাবাজি চলছিল, তা প্রশাসনের নজরে এসেছে, এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রম রোধে নিয়মিতভাবে বিএনসিসি’র পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসি কর্তৃপক্ষ আরো জানিয়েছেন জানিয়েছে, দিয়াবাড়ি এলাকাকে অবৈধ দখল ও চাঁদাবাজিমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অবৈধ চক্রের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

















