ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে শিবির জিতলে ঢাবি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় স্পন্সরের ঘোষণা বনি আমিনের

  admin ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির প্যানেল জয়ী হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনায় শতভাগ স্পন্সর করার ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন।

বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মূর্তির সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করছি— ডাকসু নির্বাচনে যদি ছাত্রশিবির প্যানেল অন্তত ৮০ ভাগ আসনে জয়ী হয়, তবে আগামী ৫ বছরের জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ করে দেব।”

জাতীয় রাজনীতিতে ছাত্র সংসদের ভূমিকার কথা উল্লেখ করে বনি আমিন আরও বলেন, “অতীতে ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের বেশিরভাগই ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। কিন্তু এবার যদি সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কল্যাণ দেখতে চান, আমি ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরকে সমর্থন করব।”

তিনি দাবি করেন, তার কোনো রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততা নেই। তবে ব্যক্তিগত মতামতের জায়গা থেকে তিনি শিবিরপন্থী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় বনি আমিন বলেন, “আমি শিবির বা জামায়াত করি না। কিন্তু আমার পছন্দ-অপছন্দ থাকতে পারে। তাই এই বীর চেঙ্গিস খানের মূর্তির সামনে থেকে বলছি— শিবিরকে জয়ী করুন।”

বনি আমিন আরও বলেন, “অতীতে ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা কোনো কল্যাণ পাননি। কিন্তু এবার শিবির জয়ী হলে পরিবর্তন আসবে।”

তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ঘোষণা হিসেবে দেখলেও, অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগ বলে সমালোচনা করছেন।

আরও খবর:

Sponsered content