অপরাধ

এবার সাংবাদিক রুবেলকে অপহরণ করে নির্যাতন করলো সন্ত্রাসী ছাত্রদল নেতা মুন্না’র গ্যাং

  admin ১৮ আগস্ট ২০২৫ , ৬:১২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাজী আশরাফুল হাসান : গেল কয়েকদিন ধরে জনতার আলো পত্রিকায় সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়নের ছাত্রদল নেতা ও কিশোর গ্যাং লিডার এবং  সন্ত্রাসী মুন্না সরকারের নানা অপকর্ম নিয়ে, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সন্দেহভাজন ভাবে সাংবাদিক রুবেল তালুকদারকে অপহরণ করে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। অপহরণের সেই সময় এর একটি অডিও রেকর্ড জনতার আলো পত্রিকার হাতে এসেছে। এছাড়াও, তাকে ব্যাপক মারধরের একটি ভিডিও পেয়েছে পত্রিকাটি।

গত রবিবার (১৭ আগস্ট) সারাদিন ফোনে তাকে হুমকি দিয়ে আসছিল মুন্না সরকারের লালিত কিশোর গ্যাং এর সদস্য ও স্বেচ্ছাসেব দলের নেতা বিপ্লব কুমার ঘোষ। এ বিষয়ে রুবেল তালুকদার রবিবার বিকেলে রায়গঞ্জ থানায় একটি সাধারণ (ডায়েরি) নং- ৭৮৮ করেছেন বিপ্লব ঘোষ এর বিরুদ্ধে। তবে, ফোনে হুমকি দিলেও বাস্তবে এবার ঘটালো অপহরণের ঘটনা। রবিবার আনুমানিক ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের সাংবাদিক রুবেল তালুকদারের বাড়িতে এসে রাতের আঁধারে ফিল্মিস্টাইলে হানা দেয় ভদ্রঘাট ছাত্রদলের সভাপতি প্রত্যাশী মুন্না সরকার, বিপ্লব কুমার ঘোষ, যুবদলের সভাপতি প্রত্যাশী মুন্নার মামা মিজানুর, আরেক মামা অপু, মান্নান সরকার ও হেদু সহ ৮-৯ জনের একটি সংঘবদ্ধ দল। তারা রুবেল তালুকদারকে বাড়ি থেকে জোরপূর্বক মারতে মারতে অপহরণ করে পাশ্ববর্তী ভদ্রঘাট ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সামাদ মির্জা ওরফে সামেদুলের বাড়িতে নিয়ে যায়, এবং সেখানে সকলে মিলে তাকে ব্যাপক মারধর করেন। বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সামাদ মির্জার সাথে মুন্না সরকারের যথেষ্ট সম্পর্ক রয়েছে বলে, মুন্নার ফেসবুকে একত্রে বেশ কিছু ছবির সত্যতাও মিলেছে।

রুবেল তালুকদার জানান, তাকে আটকে রেখে পরিকল্পিতভাবে দলের প্রভাব খাটিয়ে কামারখন্দ থানায় ফোন দিয়ে মিথ্যা অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছিল অপহরণকারী সন্ত্রাসীরা। তবে, জনতার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক দ্রুত সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে সেনাবাহিনীর তৎপরতায় রুবেলকে আধমরা অবস্থায় আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান সেই সকল অপহরণকারী সন্ত্রাসী গ্রুপটি।

আবার এই ঘটনা রেস কাটতে না কাটতেই, আজ সোমবার সকাল থেকে ভদ্রঘাত ইউনিয়নের খানপাড়ার আব্দুল মমিন খান কে হন্য হয়ে খুঁজছেন মুন্না সরকার গ্যাং এর অন্যতম সক্রিয়  সন্ত্রাসী বিপ্লব কুমার ঘোষসহ আরো কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী। এ বিষয়টি নিয়েও মমিনের পরিবার ব্যাপক প্রাণনাশের আশঙ্কায় রয়েছে। কারণ এ সকল সন্ত্রাসীরা মব তৈরি করে যে কোন সময় যে কাউকে, রাজধানীর মিটফোর্ড এর মত মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। তাই মমিনের পরিবারটি এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।

একের পর এক ঘটে যাওয়া এমন ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

তাদের এমন অপকর্ম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ছাত্রদল,  যুবদল ও বিএনপি’র নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত এলাকা জুড়ে এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আর ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। এবং বিগত দিনে জনতার আলোতে প্রকাশিত নিউজের সত্যতাও মিলে গেল এই ঘটনার পর। এ সকল সন্ত্রাসীদের দৃশ্যমান বিচার কার্যকর না হলে, দিন দিন এদের তৎপরতা আরো বেড়ে যাবে। ধীরে ধীরে তাদের হাতে জিম্মি হয়ে পড়বে এলাকার সাধারণ মানুষ।

বাজার ভদ্রঘাত সহ আশেপাশের এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, সিরাজগঞ্জের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও সাংবাদিক সমাজ।

আরও খবর:

Sponsered content